ফ্যাসিবাদ বিরোধি ছাত্র জনতা এরই মধ্যে তরফদার রুহুল আমিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে। ফলশ্রুতিতে আসন্ন বাফুফে নির্বাচনে দেশের ক্লাব ফুটবলে সাফল্যের বিচারে আধিপত্য বিস্তার করা বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সাথে অপেক্ষাকৃত দুর্বল সংগঠক তাবিথ আওয়ালের মধ্যে লড়াই হতে যাচ্ছে বলে ক্রীড়ামহলে গুঞ্জন চলছে।
সোমবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যে ১৩৯ জনের মনোনীত কাউন্সিলরদের নাম ক্লাব, জেলা ফুটবল এসোসিয়েশন ও সংস্থাগুলো কর্তৃক বাফুফের কাছে স্ব স্ব সংগঠনের প্রতিনিধির নাম প্রেরণ করার কথা। কেউ কেউ দাবি করছে, কাউন্সিলরদের সংখ্যা এবার হবে মোট ১৪৩ জনের।
.png)
অভিযোগ উঠেছে, বাফুফে কর্তৃক সারা দেশে সংস্থাগুলোর কাছে আইনি মোতাবেক পত্র প্রদান না করে পছন্দমতো ব্যক্তিকে বিভিন্ন সংস্থার কাউন্সিলর করে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। একটি প্রভাবশালী পক্ষ সেই কাজটি করছেন। এর আগে বাফুফে কার্যালয়ে সেই চিত্র দেখা গেছে।
মুলত যারা এই মুহূর্তে বাফুফের দাফতরিক কাজগুলো করছেন, তারাই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। এমন দাবি করেছেন বাফুফে কার্যালয়ে আগত সংগঠকেরা। যাদের অনেকেই কাউন্সিলর, কিংবা কাউন্সিলর হতে চান। এই ইস্যুতে ২৯ সেপ্টেম্বর বাফুফে কর্মকর্তাদের সাথে আগত অভিলাষী কাউন্সিলরদের হাতাহাতির ঘটনাও ঘটে।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ১৪৩ জন কাউন্সিলরদের ভোটেই বাফুফে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবেন। শেষ মুহূর্তে তাবিথ আউয়াল বর্তমান সরকার ও ছাত্র সমাজের আস্থা ও বিশ্বাস হারাতে পারেন বলে মনে করার সুযোগ আছে। কারণ, তিনি কাজী সালাহউদ্দিনের বিগত সময়ের প্যানেল নিয়েই কাজ করছেন বলে কথিত আছে।
বাংলাদেশের ফুটবল নিয়ে দেশের জনমানুষ স্বপ্ন দেখেও আশাহত। এক সময় আবাহনী ও মোহামেডানের ফুটবল যুদ্ধ সারাদেশে ছড়িয়ে পড়লেও প্রচলিত আছে, বাফুফে সঠিকভাবে দেশের ফুটবলকে পরিচালনা করতে পারেনি। দক্ষ, পেশাদার ও সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশ সাফ ফুটবলে ধারাবাহিক সাফল্য পায়নি। এশিয়ায় জায়গা করে নেয়া তো অনেক দূরে।
প্রাসঙ্গিক বিবেচনায় গেল অর্ধযুগে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে বারংবার করে অংশ নিয়ে বসুন্ধরা কিংস নিজেদের নামটি এশিয়ার উঁচু স্তরে নিতে পেরেছে। সেই ক্লাবের সংগঠক ইমরুল হাসান বাফুফের সভাপতি হওয়ার দৌড়ে ক্রমেই এগিয় যাচ্ছেন।
সার্বিক প্রেক্ষাপটের আদ্যপান্ত বলছে, তরফদার রুহুল আমিন নির্বাচন থেকে পুনরায় সরে যেতে বাধ্য হতে পারেন। এতে শেষ মুহূর্তে লড়াই করবেন তাবিথ আউয়াল। কিন্তু তিনি কি ইমরুল হাসানের মতো পেশাদার সংগঠককে হারাতে পারবেন? উত্তরটা পাওয়া যাবে ২৬ অক্টোবর সন্ধ্যায়।