দুই সপ্তাহের বেশি সময় আগে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় থাকা হামজা অনুশীলনের সময় এই গুরুতর আঘাত পান। ২৭ বর্ষী মিডফিল্ডারের কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে এ ব্যাপারে নিশ্চিত নন তার ক্লাব লেস্টার সিটির কোচ স্টিভ কুপার।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সেক্রেটারি ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আপনারা শুনেছেন ওর ইনজুরি আছে। নভেম্বর উইন্ডোতে ওকে পাওয়াটা তার সঙ্গে আলোচনা করে বলতে পারবো।’
.png)
হামজাকে জাতীয় দলে খেলানোর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র চেয়েছিল বাফুফে। সেই অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি গত সেপ্টেম্বরে নিশ্চিত করেছিলেন বাফুফে সেক্রেটারি। এবার তিনি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদনের পরের অবস্থা সম্পর্কে অবহিত করেছেন।’
‘আমরা হামজার বিষয়ে সর্বশেষ ফিফা থেকে একটা ফিডব্যাক পেয়েছি। ফিফা থেকে অতিরিক্ত কিছু ডকুমেন্টস চেয়েছে। আমরা তার সঙ্গে, ওর পরিবার এবং এজেন্টের সাথে কথা বলে ডকুমেন্টগুলো কীভাবে অতি দ্রুত আনা যায়, তা নিয়েকাজ করছি।’
কোন ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচগুলো হবে, এ প্রসঙ্গে ইমরান হোসেন তুষারের ভাষ্য, ‘কিংস অ্যারেনার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শীঘ্রই বিষয়টি জানাতে পারবো।’
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নতুন কমিটি নির্বাচিত হয়ে আসার পর উইন্ডোতে যেন ঠিকঠাক ম্যাচ হয়, এ ব্যাপারে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে। বাফুফে সেক্রেটারি এ বিষয়ে বলেন, ‘সর্বশেষ নির্বাহী কমিটির সভায় নভেম্বর উইন্ডোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই মোতাবেক আমরা সব কিছু গুছিয়ে রাখছি।’
এদিকে, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। দল দুটি ফিফা উইন্ডোতে একটি করে ম্যাচ খেলতে চেয়েছিল। একটা ম্যাচ খেললে তা বাফুফের জন্য সাশ্রয়ী না হওয়ায় এক্সিকিউটিভ কমিটির সভায় ঘরের মাঠে মালদ্বীপের সঙ্গে দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আসে।