ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুকিমের রেকর্ড গড়া ম্যাচে ৩৩ বলেই জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ৩ ডিসেম্বর ২০২৪
মুকিমের রেকর্ড গড়া ম্যাচে ৩৩ বলেই জিতল পাকিস্তান
সুফিয়ান মুকিম

জিম্বাবুয়ে টসে জিতে যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তখন হয়তো কল্পনাও করেনি তাদের জন্য অপেক্ষা করছিল বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমের ভেল্কি। ২৫ বর্ষী এই ক্রিকেটার ১৬ বলে মাত্র ৩ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। কোনোমতে পঞ্চাশ পেরিয়ে অলআউট স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় মাত্র ৩৩ বলেই পাকিস্তান পেয়ে যায় ১০ উইকেটের বিশাল জয়।

বুলাওয়েতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবুয়ে ১২.৪ ওভারে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারেই জয় নিয়ে মাঠ ছাড়ে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়া সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে রইল।

জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ২১ ও তাদিওয়ানাশে মারুমানি ১৬ রান করেন। ৩৭ রানের উদ্বোধনী জুতি ভাঙার পর অবিশ্বাস্য ব্যাটিং ধস। আর মাত্র ২০ রান যোগ করেই তারা সব উইকেট হারায়। 

Advertisement

সুফিয়ান মুকিমের বোলিং ফিগার ২.৪-০-৩-৫! আন্তর্জাতিক টি-২০তে পাকিস্তানের হয়ে এটিই সেরা বোলিং ফিগার। সাবেক পেসার উমর গুল ২০০৯ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওভারে মাত্র ৬ রানের বিনিময়ে পান ৫ উইকেট। 

ওমাইর ইউসুফ ১৫ বলে ২২ ও সাইম আইয়ুব ১৮ বলে ৬ চার এবং এক ছক্কায় ৩৬ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। আগামী ৫ ডিসেম্বর একই ভেন্যুতে প্রতিপক্ষকে তারা হোয়াইটওয়াশের মিশনে নামবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!