বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এশিয়ান কাপের মূলপর্বে লাল-সবুজের জার্সিধারীদের খেলার স্বপ্ন দেখছেন। আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের মিশন শুরু হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফে সভাপতি। এ সময় তিনি বলেন, ‘ভারত আমাদের গ্রুপের শীর্ষ বাছাই দল। প্রথম ম্যাচে জয় পেলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখতে পারি। একটা দলই কিন্তু পরের রাউন্ডে যাবে। তো প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে আমরা এগিয়ে যেতে পারবো।’
.png)
‘লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরই আমরা নতুন পরিকল্পনা করবো। নূন্যতম চার সপ্তাহের একটা ক্যাম্প আমরা করবো। এগুলো প্রাথমিক পর্যায়ের কথা বলছি, বিস্তারিত পরে বলতে পারবো।’
ফিফা র্যাংকিং অনুযায়ী গ্রুপের প্রতিটি দলই ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১২৭তম। হংকং ও সিঙ্গাপুরের যথাক্রমে ১৫৬ ও ১৬১তম স্থানে।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পাওয়া হামজা চৌধুরী খেলতে পারবেন কিনা, এ প্রসঙ্গে তাবিথ আউলাল স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তার ভাষ্য, ‘কোনো তথ্য আপাতত নেই। এখন সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ ক্লোজড ডোর হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে অনুমতি দেবো না।’