ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাঁতার ফেডারেশনে ভাঙচুর কাণ্ডে বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ৩ জানুয়ারি ২০২৫
সাঁতার ফেডারেশনে ভাঙচুর কাণ্ডে বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি
ফটো- সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী দিনেই ম্যাচ দেখতে এসে টিকিট না পেয়ে মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। এরপর গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় শুরু হয় তোলপাড়। 

টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়ায় ধাক্কা মারতে থাকেন দর্শকরা।

পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

Advertisement

সাঁতার ফেডারেশনের কয়েকটি কক্ষের কাচ ও গ্রিল ভেঙে ফেলেছে ক্ষুব্ধ সমর্থকরা। এই ঘটনায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। এছাড়া বিসিবির কাছেও একটি নির্দেশনামূলক চিঠি দিয়েছে সংস্থাটি।

এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে টিকিট সংক্রান্ত বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বর্ণনার পাশাপাশি বিপিএল আয়োজনকে আরও গতিশীল ও অধিকতর স্বচ্ছ করার জন্য বিসিবিকে অনুরোধ করা হয়েছে। বিসিবি সভাপতি বরাবর প্রেরিত এই চিঠির বিসিবির সকল পরিচালককেও দেওয়া হয়েছে অনুলিপি।

গত দেড় যুগ ধরে বিসিবির ওপর জাতীয় ক্রীড়া পরিষদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে নতুন ম্যানেজমেন্ট আসার পর সংস্থাটিকে জবাবদিহির আওতায় রেখেছে এনএসসি। এছাড়া অন্য সকল ফেডারেশনের মতো বিসিবিও তাদের আওতাভুক্ত। সেদিক থেকে এনএসসির বিসিবিকে বার্তা পাঠানো অস্বাভাবিক কোনো ঘটনা নয়।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!