ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর চেষ্টায় বিসিবি: ফারুক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ৩ জানুয়ারি ২০২৫
সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর চেষ্টায় বিসিবি: ফারুক
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদ

‘সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।’

সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা প্রসঙ্গে এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলাকালীন তিনি প্রেসবক্সে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘একটা ব্যাপার হলো সাকিবের এখনো অবসর হয়নি। চেষ্টা করা বলতে কী, ও যদি অবসর নিয়ে ফেলত তাহলে বলতাম যে এখন আর নেই। ওর যেসব ইস্যু আছে, সেটা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে মাঝে মাঝে কথা হয় যে এটা নিয়ে কী করা যায়। ওর যে ইস্যুটা, এটা আমাদের কল নয়। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে, সেটা যদি ঠিক করা যায়, তাহলে কিছু হতে পারে। এরপর আছে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম - এসব দেখে নির্বাচকরা সিদ্ধান নেবে।’

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুরে সাকিবের ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি। রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পর পরিস্থিতি পাল্টে যায়। 

এ প্রসঙ্গে বিসিবি সভাপতির ভাষ্য, ‘সাকিবের ব্যাপারটা আসলে আমি এটা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলেছিলাম। আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, তিনি বলেছিলেন সাকিবের ব্যাপারটা সে আসবে, খেলবে এটা সরকার দেখবে। তারপর নিরাপত্তার বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে সেটা আর সম্ভব হয়নি। চাহিদা থাকলেই তো হয় না, কারণ এটা একটা জাতীয় ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবো।’

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা করতে হবে বিপিএল শেষ হওয়ার আগেই। বিপিএল চলার সময়ই তাই সাকিবকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছকে চান বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি চেষ্টা করলেও পুরো ব্যাপারটি যে নির্ভর করছে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর, সেটিও পরিষ্কার করে দিয়েছেন ফারুক আহমেদ।

‘একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি... এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)...।’

 তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে ফারুক বলেন, ‘তামিমের সঙ্গে আলোচনা হতে হবে ওয়ান টু ওয়ান। সরাসরি কথা বলতে হবে। সে যেভাবে পারফর্ম করছে, এখনও যেভাবে খেলছে, আপনি তাকে দলে দেখতে চাইতেন পারেন। ফিটনেস একটা ব্যাপার অবশ্যই… তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো পারফরম্যান্স।’

‘সে যদি এভাবে পারফর্ম করতে থাকে… তার পর নির্বাচক যদি মনে করেন তাকে দরকার… তখন ফিল্ডিংয়ে তাকে কীভাবে আড়াল করা যায় বা কোনোভাবে দলে সেট করা যায় কি না, এসব নির্বাচকরা ভেবে দেখতে পারেন।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!