ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

অনলাইনে নারীদের হয়রানি রোধে সোচ্চার হওয়ার আহ্বান আখতার হোসেনের

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে নারীদের হয়রানি রোধে সোচ্চার হওয়ার আহ্বান আখতার হোসেনের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি ও অবমাননা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, বর্তমানে খুব সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি ও সম্পাদনা করা সম্ভব হচ্ছে। এসব প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অনলাইনে নারীদের প্রতি অবমাননাকর আচরণ না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত ‘আফসানা করিম রাচি সাইকেল অ্যান্ড স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন ২০২৬’-এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, পাঁচ শতাধিক শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিয়ে সফলভাবে তা সম্পন্ন করেছেন। প্রশিক্ষণটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে চলাচল ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদার করা প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।

আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও বক্তব্যের জায়গায় সোচ্চার থাকতে হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইভি মটরস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম পারভেজ। স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইভি মটরস বাংলাদেশ অনুষ্ঠানটির স্পন্সর ছিল।

এর আগে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি। তাঁর স্মরণে নারী শিক্ষার্থীদের সাইকেল ও স্কুটি চালনার প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ//এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!