৪৯তম বিসিএসের গেজেট নিয়ে চবিতে চাকসুর অবস্থান কর্মসূচি
৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট থেকে ৫৭ প্রার্থী বাদ পড়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চাকসুর নেতারা নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের দাবি জানান।
.png)
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬৬৮ জন প্রার্থীর মধ্যে ৬১১ জনকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে আগে সুপারিশপ্রাপ্ত ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। গেজেটে তাদের বাদ পড়ার কারণ উল্লেখ করা হয়নি।
চাকসুর অবস্থান কর্মসূচিতে ‘চাকরির ভেরিফিকেশনে মতাদর্শের পরিচয় কেন?’, ‘মতের ভিন্নতা = বেকারত্ব?’ এবং ‘দলীয় পরিচয় নয়, মেধার সঠিক মূল্যায়ন চাই’—এ ধরনের স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে চাকসুর জিএস সাঈদ বিব হাবিব বলেন, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক বা দলীয় পরিচয়ের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সরকারি নিয়োগে মতাদর্শের ভিত্তিতে প্রার্থীদের বাদ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, বিসিএস থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি না করে মেধাভিত্তিক নিয়োগের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তবে ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৫৭ জনের নাম না থাকার নির্দিষ্ট কারণ সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
অবস্থান কর্মসূচিতে চাকসুর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।