ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

প্রযুক্তি সবার, বৈষম্য নয়: জাবিতে এটুআই-এর ‘স্মার্ট ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ৫ অক্টোবর ২০২৬
প্রযুক্তি সবার, বৈষম্য নয়: জাবিতে এটুআই-এর ‘স্মার্ট ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও তরুণ উদ্ভাবকেরা। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রযুক্তি উদ্ভাবন ও ডিজিটাল সেবা তৈরির শুরু থেকেই প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিকের প্রয়োজন বিবেচনায় নেওয়ার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘উদ্ভাবন ও অন্তর্ভুক্তি (স্মার্ট ইনোভেশন)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে জাবি ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও তরুণ উদ্ভাবক অংশ নেন।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এতে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং এটুআইয়ের হেড অব ইনোভেশন মো. নাহিদ আলম অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন এটুআইয়ের অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য ও ইনোভেশন কনসালটেন্ট তৌফিকুর রহমান।

প্রশিক্ষণে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, মানবকেন্দ্রিক ও সর্বজনীন নকশা, সহায়ক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অ্যাক্সেসিবিলিটি মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্টের প্রবেশগম্যতা যাচাইয়ের পদ্ধতি তুলে ধরা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উদ্ভাবনভিত্তিক গবেষণা পরিচালনা, উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এবং উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়েও ধারণা দেওয়া হয়। ‘সমস্যার সমাধানে উদ্ভাবন ও সকলের জন্য উদ্ভাবন’ স্লোগানে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি নিয়ে কাজের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই তরুণ প্রকৌশলী ও উদ্ভাবকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা তৈরি করা গেলে ভবিষ্যতের ডিজিটাল পণ্য ও সেবা প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য আরও সহজে ব্যবহারযোগ্য হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!