জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, "নজরুলের কবিতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সত্যবোধ জাগিয়ে তুলতে শিখিয়েছে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে আমরা নজরুলের কবিতা থেকে উজ্জীবিত হয়েছি।"
উপাচার্য আরও বলেন, "নজরুলের এই প্রতিবাদী চেতনা কেবল কথায় সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজ পরিবর্তনের জন্য নিজেদের আচার-আচরণ ও চিন্তায়ও এ চেতনা ধারণ করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহানা বিলকিস।
সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।