ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জাবি ক্যাম্পাস সংস্কারে ছয় দফা দাবি ছাত্রশক্তির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাস সংস্কারে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচার, জাকসু নির্বাচন, একাডেমিক সংস্কার, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
কর্মসূচিতে সংগঠনটির জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “ছয় দফা দাবি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা এবং তাঁদের মতামত নেওয়ার জন্য আমরা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং দাবিগুলো বাস্তবায়নে তাঁদের সহযোগিতা চেয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের ছয় দফা মূলত বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যা, অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এসব দাবি বাস্তবায়নের জন্য আমরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি এবং দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আমরা অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের সংস্কার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জড়িতদের পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা। অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা।
এ ছাড়া একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন।