ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবি লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক নাঈম মিজি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৫ নভেম্বর ২০২৬
চবি লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক নাঈম মিজি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটি।

 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম মিজি।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটি প্রণয়নের পর তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে পাঠাতে হবে।

 

নতুন সভাপতি মাহফুজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মুক্তচিন্তার বিকাশে, সৃজনশীলতা চর্চায় এবং প্রতিযোগিতামূলক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কাজ করতে চাই। এ পথচলায় শুভাকাঙ্ক্ষী, সহযাত্রীসহ ক্যাম্পাসের সচেতন ব্যাক্তি, লেখক, সাংবাদিক এবং শিক্ষকদের সহযোগিতা চাই।”

 

সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি বলেন, “আমাকে এতো বড় দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় লেখক ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

 

এর আগের কমিটি সাংগঠনিক আচরণ ভঙ্গের কারণে বিলুপ্ত করা হয়। ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এরপর ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

 

২১ সদস্যের ওই কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব এ রহমানকে আহ্বায়ক এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছিলো।

ডেইলি-বাংলাদেশ/চবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!