ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবি হলের ক্যান্টিন বরাদ্দে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২৪ নভেম্বর ২০২৬
জাবি হলের ক্যান্টিন বরাদ্দে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ
আল-বেরুনী হলের ক্যান্টিন বরাদ্দে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠা মুনতাসির বিল্লাহ অর্পণ। ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের ক্যান্টিন বরাদ্দকে কেন্দ্র করে ৪০ হাজার টাকা নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মুনতাসির বিল্লাহ অর্পণের বিরুদ্ধে।

ক্যান্টিন মালিক সালেহা বেগমের অভিযোগ, ক্যান্টিন বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রকাশ করলে ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগপত্রে সালেহা বেগম উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে তিনি আল-বেরুনী হলের ক্যান্টিন পরিচালনা করছেন। আর্থিক সংকটের মধ্যে হলের ক্যান্টিন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তিনি আবেদন করেন। তবে তার আবেদন ১৬ দিন আটকে রাখা হয়।

তার দাবি, এ সময় সাবেক জিএস মুনতাসির বিল্লাহ অর্পণ ক্যান্টিন বরাদ্দ পাইয়ে দেওয়ার জন্য ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে আপত্তি জানালে ক্যান্টিনটি তিন কিস্তিতে অন্য কাউকে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। পরে নিরুপায় হয়ে গত বছরের ১৮ নভেম্বর হলের সামনে একটি শিমুলগাছের নিচে নিজ হাতে অর্পণকে ৪০ হাজার টাকা দেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, টাকা দেওয়ার বিষয়টি কাউকে জানালে ক্যান্টিনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে হল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্যান্টিন মালিক।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুনতাসির বিল্লাহ অর্পণ। তিনি বলেন, ‘এটা পুরোপুরি অসত্য একটি ঘটনা। আমাকে শুধু শুধু বদনাম করতে এমন হীন কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্যান্টিন নিয়ে অনেক শিক্ষার্থীর অভিযোগ রয়েছে। খাবার পরিবেশন ও অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী ক্যান্টিনে তালা দিয়েছিল। পরে আমি সেটি খুলে দেওয়ার অনুরোধ করি। এ ছাড়া ক্যান্টিনের মাসিক ভাড়াও বকেয়া রয়েছে। সবকিছু মিলিয়ে নিজেদের এসব অভিযোগ আড়াল করতেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’

এ বিষয়ে আল-বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ হোসাইন বলেন, ক্যান্টিন মালিকের কাছ থেকে এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তের আগে অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয় বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!