ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ২৬ এপ্রিল ২০২২
যাত্রাবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৫
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরা হলেন- জাবেদ উদ্দীন (৩৫), আব্দুল কুদ্দুস (৩০), আমিন উল্লাহ (৫২), টিটু হোসেন (৪৫) ও শিল্পী আক্তার (২৯)।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে ৭১ কেজি গাঁজা, এক হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে  ৫১ কেজি গাঁজা ও এক হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। গ্রেফতারদের তল্লাশি চালিয়ে জব্দ করা হয় নগদ ১২ হাজার ৮০০ টাকা ও চারটি মোবাইল ফোন।

এর আগে, গতকাল সোমবার দিনগত রাতে অপর একটি অভিযানে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার হন দুজন। তাদের কাছ থেকে ২০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। 

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!