ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ২৬ নভেম্বর ২০২৬
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ তৎপরতার অন্যতম হোতা হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে।

গোয়েন্দা সূত্র জানায়, তসলিম চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের অনুসারী। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তিনি।

গোয়েন্দা সূত্রের আরও দাবি, গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন তসলিম। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!