আরএসআরএমের এমডি মাকসুদুর গ্রেফতার
দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) এমডি মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, মাকসুদুরকে গ্রেফতারে গুলশানের বাড়ি ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা।
এ ব্যাবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণ খেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
চলতি বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল। ২৭ জানুয়ারি শুনানি শেষে এ আদেশ জারি করেছিল চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।
আদালত সূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ২৯ মার্চ মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা। ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি আরএসআরএম। তবে ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত অত্যন্ত নগণ্য।
মামলার পর বিপুল পরিমাণ খেলাপি ঋণ সম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংক যত্নশীল ছিল না। সাড়ে তিন বছর পর বিষয়টি আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি করা হয়। একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের এমন নিষ্ক্রিয়তা গ্রাহকদের খেলাপিপ্রবণ করে তুলছে, যা হতাশাজনক বলে মন্তব্য করেছে আদালত।