ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় জুয়ার আসর থেকে ছাত্র সমাজের নেতা ইয়াবা রকিসহ গ্রেপ্তার ৭

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৬, ১৮ অক্টোবর ২০২৬
ভোলায় জুয়ার আসর থেকে ছাত্র সমাজের নেতা ইয়াবা রকিসহ গ্রেপ্তার ৭
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার সাতজন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে কথিত শীর্ষ মাদক কারবারি ও  ইউনিয়ন ছাত্র সমাজের আহ্বায়ক মো. রাকিব ওরফে ‘ইয়াবা রকি’সহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।

শনিবার বিকেলে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডের আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলা অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন: মো. মোতাসিম (৪০), মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭) ও মো. মনির (৩১)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক কারবার, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজনকে গ্রেপ্তার  করা হয়েছে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৩৩ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাকিবের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!