বরখাস্তরা হলেন মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরী, প্রকৌশল কর্মকর্তা শাহ হক নেওয়াজ ও জুনিয়র টেকনিক্যাল কর্মকর্তা নুরুল আলম।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের গঠন করা ৪ সদস্যের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদারের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশে ওই তিন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
.png)
গত ৩ জুলাই রাত ৯ টা ২০ মিনিটে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও বোয়িং ৭৩৭ বিমানের এ সংঘর্ষ হয়। এর মধ্যে ড্রিমলাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক বিমান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে বোয়িং ৭৩৭ আগে থেকেই হ্যাঙ্গারে পার্ক করা অবস্থায় ছিল। এরইমধ্যে সিঙ্গাপুর থেকে আসে বিমানের ৭৮৭ ড্রিমলাইনার। যাত্রী নামিয়ে সেটিকে হ্যাঙ্গারে ঢোকানো হয়। এ সময় হ্যাঙ্গারে আগে থেকে থাকা বোয়িং ৭৩৭ বিমানটির সঙ্গে ৭৮৭ ড্রিমলাইনারের সংঘর্ষ হয়। এতে দুটি বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়।