ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নগর পরিবহনের নতুন দুই রুট ১৩ অক্টোবর চালু: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২২
নগর পরিবহনের নতুন দুই রুট ১৩ অক্টোবর চালু: মেয়র তাপস
বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভায় কমিটির প্রধান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ অন্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ১৩ অক্টোবর থেকে ঢাকা নগর পরিবহনের ২২ এবং ২৬ নম্বর রুট হিসেবে আরো দুটি নতুন রুট চালু হতে যাচ্ছে। 

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে তিনি এ তথ্য জানান। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মেয়র তাপস বলেন, আমাদের নতুন এই রুটে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া আমাদের পুরোনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস আমরা সংযুক্ত করব। বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিরুনি অভিযান চলবে।

Advertisement

এর আগে, ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে শেখ ফজলে নূর তাপস জানান, বাস রুট রেশনালাইজেশনের আওতায় ১ সেপ্টেম্বর থেকে নগরীর ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে ঢাকা নগর পরিবহনের আওতায় ২০০ নতুন বাস চালু করা হবে। 

এদিকে, নগর পরিবহনের ২২ নং রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজিস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া এবং স্টাফ কোয়ার্টার পর্যন্ত। এছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের উপর দিয়ে বাস চলাচল করবে।

আর ২৬ নম্বর রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজিস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত। এছাড়া এই রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের উপর দিয়ে বাস চলাচল করবে।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে ২৪তম সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ পরিবহিন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!