বসুন্ধরা এলাকায় আন্দোলনকারীদের মিছিল, যান চলাচল বন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা ও আশেপাশের এলাকায় সড়কে মিছিল শুরু করেছেন শিক্ষার্থী-শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা ও আশেপাশের এলাকার বিভিন্ন মোড়ে জড়ো হন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে তারা সড়কে নামেন। এদিকে মিছিল শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
.png)
দুপুর ১টা ১০ মিনিটে কয়েকশো শিক্ষার্থী বসুন্ধরা আবাসিক এলাকার থেকে জড়ো হয়ে একটি মিছিল নিয়ে প্রগতি সরণি রাস্তায় জড়ো হতে থাকেন। এ সময় তাদের সঙ্গে আশপাশের ছড়িয়ে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের যুক্ত হতে দেখা যায়। শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের গেট থেকে নর্দা ফুটওভার ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে আন্দোলন করছেন। বিপুলসংখ্যক পুলিশ যমুনা ফিউচার পার্কের সামনে আশপাশে অবস্থান নিতে দেখা যায়।