মাথায় লাল কাপড় বেঁধে অভিভাবক ও শিক্ষার্থীদের মিছিল
সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকের ব্যানারে আন্দোলনকারীরা মাথায় লাল কাপড় বেঁধে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দিতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরণী পার হয়ে আবাহনী মাঠে অবস্থান করেন।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে তারা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘বিক্ষোভ মিছিল’ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে নেমেছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশস্থলে আসতে শুরু করেন তারা। বেলা সাড়ে ১১টায় সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজসহ আশপাশের শিক্ষার্থীরা। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে জড়ো হন।
.png)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক শিক্ষার্থীরা মিরপুর ডিওএইচএসে অবস্থান নেন। এদিকে মিরপুর ১- এ আন্দোলনকারীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারেও জড়ো হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সবাই ৩টার দিকে বসুন্ধরা গেট অভিমুখে জড়ো হতে শুরু করেছেন। রামপুরা, শনির আখড়ায় ছাত্র ও জনতা বর্তমানে শহীদ মিনার অভিমুখে রওনা হয়েছেন বলে জানা গেছে।