ভুয়া ডিজিএফআই পরিচয়পত্রসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
.png)
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে যায়।
পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখাচ্ছেন। একপর্যায়ে মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে তারা তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন।
ভয়ে জাহেদী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে ওই ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি নিয়ে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।