ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জামালপুরে ৭,৯৮০ যুবকের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আর্ন প্রকল্পের যাত্রা শুরু
জামালপুর জেলার ৭ হাজার ৯৮০ জন যুবক-যুবতীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সঙ্গে স্থানীয় শ্রমবাজারের চাহিদার সংযোগ স্থাপন এবং টেকসই জীবিকার সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুবদের জন্য কার্যকর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, দেশের বিপুলসংখ্যক যুবকে শুধু সরকারি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব নয়। এ বাস্তবতায় বিশ্বব্যাংকের সহায়তায় আর্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের ২৫০টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। জামালপুর জেলার ইসলামপুর, জামালপুর সদর ও মেলান্দহ উপজেলা এর আওতাভুক্ত।
তিনি বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে কার্যকর করতে স্থানীয় শ্রমবাজার ও বেসরকারি উদ্যোক্তাদের প্রকৃত চাহিদা চিহ্নিত করা প্রয়োজন। এসব চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থাগুলো দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় জানানো হয়, আর্ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার নীট যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে জামালপুর জেলায় লক্ষ্যমাত্রা ৭ হাজার ৯৮০ জন। নীট বলতে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা যুবদের বোঝায়। তাঁদের শ্রমবাজার-উপযোগী দক্ষতা অর্জন, চাকরির সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
কেয়ার বাংলাদেশের পক্ষে প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ময়মনসিংহ অঞ্চলের ফোকাল মো. গোলাম রব্বানী। এ ছাড়া মো. শাহ আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ বিভাগ ও জামালপুরে প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। জামালপুর অঞ্চলে প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে কেয়ার বাংলাদেশ। যৌথ বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (MAWTS)।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনায় প্রশিক্ষণকে বাস্তব কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা, প্রশিক্ষণ-পরবর্তী চাকরির সুযোগ তৈরি, স্থানীয় নিয়োগকর্তা ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং নারী ও সুবিধাবঞ্চিত যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে আর্ন প্রকল্প জামালপুরের যুবদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকার নতুন সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।