চট্টগ্রামে করোনায় আরো ৭৩৮ জন আক্রান্ত
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। নগরের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।
.png)
তথ্য অনুসারে, সোমবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৩৮ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে নগরীর ৬৪৭ জন আর বিভিন্ন উপজেলার ৯১ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনে।
আরো পড়ুন: বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬
এর আগে, সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭৪২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।