ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘আমি সেলিনা হায়াৎ আইভী বলছি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ২৫ এপ্রিল ২০২২
‘আমি সেলিনা হায়াৎ আইভী বলছি’
গ্রেফতারকৃত ফেরদৌস আরা লতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘কণ্ঠ’ নকল করে ও ভুয়া পরিচয় দিয়ে ডিপিডিসি কর্মকর্তার কাছ থেকে ক্যান্সার রোগীকে সাহায্য ও ঈদুল ফিতরে অসহায়দের ঈদ উপহার দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার দুপুরে ফেরদৌস আরা লতা নামে ঐ প্রতারককে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১১। পরে রাতে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ডিপিডিসি কর্মকর্তা মোল্লা মনিরুজ্জামান মামলা করেছেন।

গ্রেফতারকৃত ফেরদৌস আরা লতা ফতুল্লা থানার ২৯২ দেওভোগ পানির ট্যাংকির আব্দুল মান্নান মিয়াজির মেয়ে।

মামলায় উল্লেখ করা হয়, নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কণ্ঠ নকল করে চলতি মাসের ১৮ তারিখ রাত ১০টার দিকে বাদীকে ফোন করে গ্রেফতারকৃত ফেরদৌস আরা লতা বলেন হ্যালো, আমি সেলিনা হায়াৎ আইভী বলছি। একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য সাহায্যের দরকার। আমি বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য দিয়ে যাচ্ছি, আমার পাশাপাশি আপনারাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। সামনে ঈদুল ফিতর আসতেছে, এই ঈদে আমরা গরিবদের যাকাত দেই। আপনারা আপনার কর্মস্থলের সকলে মিলে মুমূর্ষু রোগীর যাকাত স্বরূপ সাহায্যের জন্য এগিয়ে আসলে একটি প্রাণ বেঁচে যায়। আমি যতটুকু পারি সাহায্যে দিব। পাশাপাশি আপনারাও সহযোগিতা করবেন।

এর পরিপ্রেক্ষিতে বাদী ১৯ তারিখ সকালে নিজ বিকাশ একাউন্ট থেকে প্রথম দফায় ৫ হাজার এবং দ্বিতীয় দফায় আরো পাঁচ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ডিপিডিসি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনিছের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তিনি বুঝতে পারেন যে- প্রতারণার শিকার হয়েছেন। যাকে টাকা পাঠানো হয়েছে, তিনি আসলে মেয়র নয়।

এ বিষয়ে র‍্যাব-১১ তে লিখিত অভিযোগ করা হলে রোববার দুপুরে প্রতারক নারীকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!