গাঁজা দিয়ে ফাঁসাতে ৯৯৯-এ কল, পুলিশ এলে নিজেরাই ফেঁসে গেলেন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৯৯-এ কল দিয়ে অন্যকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই যুবক।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার গরুর হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে ২২ বছর বয়সী মো. ইমন ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহাবুল হক মিস্ত্রি বাড়ির বেলায়েত হোসেনের ছেলে ২৪ বছরের মো. সুজন হোসেন।
.png)
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর পৌনে ২টার দিকে এমরান হোসেন নামে এক যুবককে আটকে রেখে ৯৯৯-এ কল দেওয়া হয়। গাঁজার অভিযোগ আনা হলেও তদন্তে সন্দেহ হয় পুলিশের। এরপর ৯৯৯-এ কল করা ব্যক্তিসহ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মূলহোতা ইমনসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গাঁজা দিয়ে ফাঁসানোর জন্য ৯৯৯-এ কল করা হয়। পরে মূলহোতাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।