বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুশিয়ারা খাতুন নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় নাসির টোব্যাকোর সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান।
নিহত অটোরিকশাযাত্রী রুশিয়ারা খাতুন উপজেলার কল্যাণপুর এলাকার মৃত সামছুদ্দিন মণ্ডলের স্ত্রী।
.png)
জানা যায়, বুধবার সকালে রুশিয়ারা খাতুন একটি অটোরিকশায় করে ভেড়ামারা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা এলাকার নাসির টোব্যাকো ফ্যাক্টরির সামনে অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় অটোরিকশার যাত্রী রুশিয়ারা খাতুন ছিঁটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।