পদ্মাসেতুতে রেললাইন স্থাপনে কাজ শুরুর অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। রোববার সকালে পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরায় পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল। পরে তারা জাজিরা প্রান্তে পৌঁছে রেল কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।
.png)
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, যৌথ টিম সেতু পরিদর্শন করেছে। গত ৬ জুলাই প্রকল্প পরিচালক আমাদের চিঠি দেন। ১৬ জুলাই আলোচনা শেষে আজ রেল কর্তৃপক্ষকে কাজের অনুমতি দেওয়া হয়েছে। পুরো সেতুটি সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে, শুধু রেল ট্র্যাকটি তাদের আওতায় থাকবে।
রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, অনেকদিন ধরেই আমরা স্বপ্নের পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরুর কথা ভাবছিলাম। এ বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়েছে। কিছু কাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। তাই আমাদের কাজের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকল্প ব্যবস্থাপক সাঈদ আহমেদ বলেন, আমাদের যন্ত্রাংশ, রেললাইন, স্লিপার মাওয়া ও জাজিরা প্রান্তে রাখা হবে। যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজ শুরু করব।