গৃহবধূকে হত্যা করে পালিয়েছে স্বামী
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডা. জয়নাল খানের বাড়ির ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মৃত রিনা আক্তার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আন্দারকোঠ পাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, রিনা আক্তার ১০-১২দিন আগে স্বামী স্ত্রী পরিচয়ে কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডা. জয়নাল খানের বাড়ির ভাড়া বাসায় উঠেন। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে বাড়ির মালিককে জানায় রিনা খাতুনের রুমের ভেতর লাশ আছে।
.png)
বাড়ির মালিক রুমের কাছে এসে রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে কোনাবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের দরজার তালা ভেঙে ওই নারীকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিানো হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।