বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাফুরকাঠি গ্রামের পেয়ারা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সজল চন্দ্র নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের পঙ্কজ কুমার চন্দ্রের ছেলে।
মৃত সজল চন্দ্রের স্বজনরা জানান, সজল একটি এনজিও’র নির্বাহী পরিচালক ছিলেন। তিনি পেয়ারাচাষিসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন। ঝালকাঠির কাপরকাঠি, ভীমরুলী ও বাউকাঠি এলাকায় এনজিও কর্মকর্তা হিসেবে পরিচিত।
.png)
পুলিশ জানায়, কাপরকাঠি গ্রামের যতিন কয়ানের একটি পেয়ারা বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় মরদেহের কাছ থেকে একটি ব্যাগ, একটি মোবাইল ও নগদ ১৮ হাজার ৯৪৫ টাকা পাওয়া যায়।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।