ধাক্কা মেরে শিশু মেয়েকে খালে ফেলে দিল সৎ মা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া লক গেট থেকে ফেলে দিয়ে ৩ বছরের শিশু মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। সৎ মা সোনিয়া বেগমকে পুলিশ আটক করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের উপর নির্মিত লক গেট থেকে ধাক্কা মেরে সৎ শিশু মেয়ে মারিয়াকে খালের পানিতে ফেলে দেয় সোনিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গতিতে সিংগা নদী থেকে বিলে পানি ঢুকছিল। মুহূর্তেই মারিয়া পানিতে ডুবে হারিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ এসে সৎ মা সোনিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে অপরাধ স্বীকার করে। এ সময় এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
.png)
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোনিয়া বেগমের স্বামী রহমত মোল্লা জানান, তার আগের স্ত্রী সন্তান হওয়ার সময় মারা যাওয়ার পর সোনিয়াকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে আগের পক্ষের দুই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করেতে থাকে। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তিনি তার সন্তান হত্যাকারী সোনিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।