বজ্রপাতে ৯ লাশ দেখে নিভে গেল বৃদ্ধার জীবনও
সন্ধ্যায় বজ্রপাতে মৃতদের দেখতে বিভিন্ন গ্রাম থেকে আসে লোকজন। সবার মতো এসেছিলেন হোসনা খাতুনও। কিন্তু লাশ দেখে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপজেলার শিবপুর গ্রামের পাঁচজন ছিলেন। সেই লাশ দেখে ফেরার পথেই মারা যান এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের হোসনা খাতুন। তিনি ওই গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে বজ্রপাতে মৃতদের দেখতে লোকজন আসে। সবার মতো এনায়েতপুর মল্লিকপাড়া থেকে শোভা আলী মল্লিকের স্ত্রীও আসেন। লাশ দেখে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হোসনা খাতুন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
.png)
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন।
তিনি বলেন, সন্ধ্যায় শিবপুর গ্রাম থেকে মরদেহ দেখে ফেরার পথে হোসনা স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন, মোন্নাফ হোসেন, শমসের আলী, শাহিন ও আক্তার হোসেন। অন্যরা হলেন- মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস, শাহ আলম, ঋতু খাতুন ও জান্নাতি খাতুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন।