বিদায়ের আগে থানায় এক আলোচনা সভা হয়। আলোচনা শেষে পুলিশ সদস্য আজিজুল ইসলামের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের সদস্যরা। শেষ মুহূর্তে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়ি বহরের মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিদায়বেলায় এমন সম্মাননায় অশ্রুসিক্ত হন আজিজুল ইসলাম।
কনস্টেবল আজিজুল ইসলামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামে। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর মধ্যে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে চাকুরী করেছেন। দীর্ঘ ৩১ বছর চাকরি জীবন শেষে মদন থানা থেকে তিনি অবসর গ্রহণ করেন।
.png)

পুলিশ সদস্য আজিজুল ইসলাম বলেন, আমার যৌবনের সর্বস্ব দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মান অক্ষুণ্ন রেখে জনসাধারণের সেবা করেছি। অবসরকালে কর্মস্থল মদন থানার ওসি স্যার ও সব সহকর্মীরা সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাকে বিদায় দিয়েছেন। এতে গর্ববোধ করছি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আমরা একসঙ্গে থাকার স্মৃতিকে অন্তরে লালন করে একজন পুলিশ সদস্যকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় দিতে পেরেছি। পুলিশের প্রত্যেক সদস্যকে অবসরকালে এভাবে বিদায় দেওয়া উচিত।