‘বাড়িতে সিসিটিভি ক্যামেরা’ লাগিয়ে মাদক ব্যবসা করতেন বিপ্লব
আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য করার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপদ বলয় তৈরি করে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলেন না।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে তাকে।
আটক ওই মাদক ব্যবসায়ীর নাম বিপ্লব মোল্যা (৪০)। ফরিদপুরের সালথা উপজেলার চর বল্লভদী গ্রামের বাড়ি থেকে তাকে শনিবার দিবাগত রাতে আটক করা হয়।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, বাড়িতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির টের পেলেই সিসিটিভি দেখে কৌশলে পালিয়ে যেতেন বিপ্লব। শনিবার রাতে তিনি মাদকের একটি বড় চালান নিয়ে আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে রাত ১০টার দিকে উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়।
এ সময় তার থেকে ২ হাজার ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সিসিটিভির ডিভিআর এবং ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালথা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, বিপ্লব মোল্যা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।