মেলায় ৬৫ কেজির মানকচু, দেখতে মানুষের ভিড়
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুরু হয়েছে তিনদিন ব্যাপী ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। এ মেলার অন্যতম আকর্ষণ ৬৫ কেজি ওজনের একটি মানকচু। এটি আট ফুট লম্বা। মানকচুটি দেখতে মানুষ ভিড় করছেন।
শুক্রবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
৬৫ কেজি ওজনের মানকচুটি ফলিয়েছেন ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার কৃষক অরুপ ঘোষ। তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে পান বরজের পাশে ছাই এবং গোবর সার দিয়ে মানকচু লাগিয়েছিলাম। ১৩০টি কচু লাগিয়েছিলাম ১০ কাটা জমির পান বরজের পাশে। এ মানকচুর ওজন ১০ থেকে ৬৫ কেজি পর্যন্ত হয়েছে। মানকচুর দাম এবং চাহিদা দুটোই ভালো। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। দুই বছরেই এই মানকচুর ওজন ৬৫ কেজি হয়েছে।
.png)
এ বিষয়ে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত জানান, স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। অরুপ ঘোষ সফল কৃষক। তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ সাদরে গ্রহণ করেন। তার পান বরজের পাশের কচুগুলো অনেক বড়। পান বরজ কিংবা সবজি ক্ষেতের পাশে সাথী ফসল চাষ করলে চাষিদের আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে।