ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন, ঘরে মিলল বড় ভাইয়ের মরদেহ  

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৩
সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন, ঘরে মিলল বড় ভাইয়ের মরদেহ  
ফাইল ছবি

বড়ভাই আব্দুর রহমানের দেখা নেই পাঁচদিন ধরে। তার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন ছোটভাই ইমাম উদ্দিন। কিন্তু ভেতর থেকে মেলেনি কোনো সাড়া। অবশেষে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে ঘরের তালা ভেঙে দেখেন জিহ্ববা দাঁত দিয়ে চেপে বিছানায় পড়ে আছে আব্দুর রহমানের মরদেহ। তার মুখ থেকে ঝরছে রক্ত।  

রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে সিলেট নগরের গোয়াবাড়ি করেরপাড়ার রশিদ মোল্লার রিকশাগ্যারেজ সংলগ্ন একটি টিনসেড বাড়িতে। নিহত আব্দুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের মৃত সুনিল রায়ের ছেলে। ছোট ভাইসহ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ তিনি। ইসলাম ধর্ম গ্রহণের আগে আব্দুর রহমানের নাম ছিল সুবল রায়। ইমাম উদ্দিনের নাম ছিল উজ্জ্বল রায়। সিলেটে রিকশা চালাতেন আব্দুর রহমান।  

জানা যায়, আব্দুর রহমান ভাড়ায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গোয়াবাড়ি এলাকার রশিদ মোল্লার গ্যারেজের একপাশের একটি টিনসেড কক্ষে মাসিক ভাড়ায় একাই বসবাস করতেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি রাতে যেকোনো সময় কক্ষে ওই কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর আর তাকে বের হতে দেখা যায়নি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ রায়। তিনি বলেন, রোববার দুপুরে গ্যারেজের মালিকসহ অন্যান্য লোকজন আব্দুর রহমানকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পায়নি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ মালিকের মোবাইল থেকে ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানান ইমাম। খবর পেয়ে তালা ভেঙে কক্ষে ঢুকে আব্দুর রহমানের মরদেহ দেখতে পায় পুলিশ।  

তিনি আরো বলেন, জালালাবাদ থানার এসআই পীযুষ কান্তি দাস মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!