ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজ দেশের যেসব স্থানে ঈদ 

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৯:৩০, ২১ এপ্রিল ২০২৩
আজ দেশের যেসব স্থানে ঈদ 
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ফাইল ফটো

আজ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালন করবেন মুসলমানরা। শুধু সৌদিতে নয়, দেশটির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ঈদুল ফিতর পালিত হবে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা। এরই ধারাবাহিকতায় দরবারের অনুসারী ৬০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

Advertisement

নোয়াখালী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব গ্রামে ৯১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন হচ্ছে। সৌদি আরবে চাঁদ দেখা ঘোষণার পরপরই এসব গ্রামে ঈদের আনন্দ বইছে। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

ভোলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রামসহ ১৪টি গ্রামে পালিত হবে ঈদুল ফিতর।

জানা যায়, জেলার ৫ উপজেলায় ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।

চাঁদপুর

চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক। সেই থেকে বেশ কয়েকটি গ্রাম আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকে।

জানা গেছে, সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে বিশ্বের যেকোনো দেশে সর্ব প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতি বছর ঈদ ও রোজা পালন করা হয়। এছাড়াও শবে বরাত, শবে কদর এবং শবে মেরাজসহ ধর্মীয় অনুষ্ঠান এভাবেই পালিত হয়।

স্থানীয় আবদুল লতিফ বলেন, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরিফের অনুসারী। প্রতি বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছি।

দিনাজপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে প্রায় দুই হাজার মুসল্লি আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। 

জানা যায়, দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশকিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

লালমনিরহাট

লালমনিরহাটের কয়েকটি স্থানে ঈদুল ফিতর পালিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হারিশহর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর,আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেবেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

লক্ষ্মীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারসোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০ গ্রামের মানুষ ঈদ উদযাপন করবেন।

পিরোজপুর

পিরোজপুরের ৮ গ্রামের ৭ শতাধিক পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। শুক্রবার জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রামের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউপির ভাইজোড়া, কচুবুনিয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউপির শিয়ালকাঠী গ্রামের ৪০ পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউপির খেজুরতলা গ্রামের ৬০ পরিবার ঈদ উদযাপন করছেন।

ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা  উপজেলার ১৩ গ্রামের তিন সহস্রাধিক মানুষ ঈদ উদযাপন করছেন।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউপির কাটাগড়, সহস্রাইল, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল এবং আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা ও শুকুরহাটাসহ ১৩টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

সাতক্ষীরা

সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের মানুষ শুক্রবার ঈদ উদযাপন করবেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরসহ প্রায় ২০ গ্রামের মানুষ ঈদুল ফিতর পালন করবেন।

সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মানুষ ঈদ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

শেরপুর

শেরপুরের ৯টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। 

জানা যায়, শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল ফিতরের জামাত হয়েছে। প্রত্যেকটি জামাতে দেড় থেকে দু শতাধিক মুসল্লি অংশ নেন। সকাল ৮টায় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায় ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!