চট্টগ্রামে শিবির ক্যাডার সাজ্জাদসহ তিনজনের ২০ বছরের জেল
চট্টগ্রামে অস্ত্র মামলায় শিবির ক্যাডারসহ তিনজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান, তার সহযোগী দেলোয়ার হোসেন ও মো. আলমগীর।
সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ বলেন, তিন আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে অস্ত্র উদ্ধারের মামলায় ১৭ বছর এবং পুলিশের কাজে বাধাদান ও হামলার দায়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামিরা জামিনে গিয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
.png)
২০০১ সালের ২ অক্টোবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় সাজ্জাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঐ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সাজ্জাদ, দেলোয়ার ও আলমগীরের কাছ থেকে একটি একে-৫৬ রাইফেল, ৫৬টি ম্যাগাজিন, ৬৪টি গুলি এবং বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে একই বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৯ সালের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।