ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন তারা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ২ জুন ২০২৩
ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন তারা
ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন তারা -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করছিলেন তারা। অতঃপর ৯ হাজার ৩৩০ ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

আটকরা হলেন- জেলার দাগনভূঁঞা উপজেলার রামানন্দপুর গ্রামের সাজেদুল আজাদ দিদার (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীর আবুল হাশেমের স্ত্রী ফাতেমা বেগম (৩৫)।

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি শহরের পাঠানবাড়ি (কদমতলা) বাদশা মিয়ার মসজিদ সংলগ্ন পাঁচতলা বিল্ডিংয়ের ৫ম তলার উত্তর পাশের ফ্ল্যাটে মাদক বিক্রয়ের জন্য মজুত করে রেখেছে।

Advertisement

র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বিছানার নিচ থেকে ৯ হাজার ৩৩০ ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে।  উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর সুকৌশলে মাদক কক্সবাজার এলাকা থেকে ক্রয় করে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটকরা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে সিডিএমএস পর্যালোচনায় আসামি সাজেদুল আজাদ দিদারের বিরুদ্ধে ১১টি মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ফেনীর দাগনভূঁঞা থানায় ৭টি মাদক ও ফেনী মডেল থানায় ৩টি মাদক ও ১টি চুরির মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!