ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করতে না পেরে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৫ জুন ২০২৩
বিয়ে করতে না পেরে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ২ জনের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরো দুজনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে। 

রোববার দুপুরে এ রায় দেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ বন্দরের মৃত মিন্টু মিয়ার ছেলে রাসেল মিয়া ও মহিউদ্দিনের ছেলে নেসার আলী। খালাসপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত হোসেন প্রধানের ছেলে সাইফুল ইসলাম ও বন্দরের হুমায়ুন কবিরের ছেলে রাহুল।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করে জানা যায় অজ্ঞাত কিশোরী চৌরাপাড়া এলাকার মতিনের ভাড়াটিয়া মজনুর মেয়ে মুনমুন। মজনু আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, তার মেয়ে মুনমুনকে বিয়ে করতে চেয়েছিলেন রাসেল। কিন্তু বিয়ে দিতে রাজি না হওয়ায় রাসেল ও তার সহযোগীরা মিলে মুনমুনকে ধর্ষণের পর হত্যা করেছে।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে দুজনকে বেখসুর খালাস প্রদান করেছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!