ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ঘণ্টা পর নিভলো নারায়ণগঞ্জের গার্মেন্টসের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ৮ জুন ২০২৩
৬ ঘণ্টা পর নিভলো নারায়ণগঞ্জের গার্মেন্টসের আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এমএস এন্টারপ্রাইজ গার্মেন্টসের আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা।

Advertisement

তিনি বলেন, রাতেই খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রথমে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় থাকার কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙতে হয়েছে। পাশাপাশি ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।  তদন্তসাপেক্ষে  অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!