এক রাতেই মৎস্য চাষির স্বপ্ন বিলীন
নরসিংদীর পলাশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এক রাতেই বিলীন হলো মৎস্য চাষির স্বপ্ন।
শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জিনারদী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মৎস্য চাষি কিরন আলী প্রধানের পুকুরে ভেসে উঠতে থাকে মরা মাছ।
জানা যায়, কিরুন আলী প্রধান তার নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৭০ শতক জমিতে কৈ মাছের চাষ করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতের কোনো এক সময় তার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান তিনি। এতে পুকুরে চাষ করা সব মাছ মারা গেছে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
মৎস্য চাষি কিরন আলী প্রধান বলেন, আমি এই পুকুরে তিন মাস আগে দুই লাখ কৈ মাছ ছেড়েছি। এ সময় প্রায় সাড়ে ১২ টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে আমার ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। এ ঘটনায় আমি পলাশ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবেশী সজিব মিয়া জানান, তিনি কয়েকটি বড় বড় পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতের আঁধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে থাকা মাছগুলো মারা গেছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি আমাদের জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিস্তারিত পরে জানানো হবে।