ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনা

অসুস্থ ছেলে বেঁচে গেলেও লাশ হলেন তারেক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২২ জুলাই ২০২৩
অসুস্থ ছেলে বেঁচে গেলেও লাশ হলেন তারেক
ছবি: ডেইলি বাংলাদেশ

৮ বছরের ছেলে নাইমকে ডাক্তার দেখাতে বরিশালের বাসে উঠেন বাবা তারেক। তবে ডাক্তারের কাছে যাওয়া হলো না তার। তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে মারা যান তারেকসহ ১৭ জন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নিহত তারেকের ছেলে নাইম। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিজ বাড়িতে পাঠানো হয়েছে। 

শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ২৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভাণ্ডারিয়ার সুমাইয়া (৬), তারেক (৪৫), ছালাম মো. (৬০), শাহিন মো. (২৫), রহিমা বেগম (৬০) ও আবুল কালাম, চর বোয়ালিয়ার আব্দুল্লাহ (৮), মেহেন্দিগঞ্জের নিপা মনি (২) ও আয়বিন আহমেদ (২২) এবং রাজাপুরের নয়ন (১৬), খুশবু (১৯) ও খাদিজা বেগম (৫৫)।  নিহতদের মধ্যে রয়েছে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ।

Advertisement

নিহত তারেকের ভাই সাগরসাগর জানান, ভাইয়ের ছেলেটা অসুস্থ, তাকে সুস্থ করতে ভাই বরিশালে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথে বাস দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেল ভাই। ভাইয়ের শোকে পুরো পরিবার এখন স্তব্ধ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর হয়েছেন পরিবারের সদস্যরা। 

স্থানীয়রা বলেন, যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহন’ সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। 

তারা আরো বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ দুর্ঘটনা এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!