ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিনদিন ধরে নিখোঁজ ট্রলারসহ ১২ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৪ আগস্ট ২০২৩
তিনদিন ধরে নিখোঁজ ট্রলারসহ ১২ জেলে
ফাইল ফটো

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১২ জেলে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত সোমবার (৩১ জুলাই) পটুয়াখালীর মহিপুর ঘাট থেকে রাতে এফবি মায়ের দোয়া ট্রলার মালিক আল আমিনের সঙ্গে তার ভাই রফিকের মোবাইলে যোগাযোগ হয়। এ সময় জানায়, তারা মহিপুর ঘাটে মাছ বিক্রি করে আবার সাগরে মাছ ধরার জন্য সাগরে রওনা হয়েছেন। পরদিন থেকে তাদের ফোনে আর পাওয়া যাচ্ছে না।

এর আগে শনিবার (২২ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি লঞ্চঘাট হতে কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনসুর আকনের ছেলে আলামিনের মালিকানাধীন ইঞ্জিন চালিত মায়ের দোয়া ট্রলারটি মালিকসহ মোট ১২ জন মাছ ধরার জন্য গভীর সমুদ্রের উদ্দেশে রওনা হন।

Advertisement

শুক্রবার নিখোঁজ আল আমিনের ভাই রফিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, মহিপুর ঘাট ছাড়ার সময় কথা হয়েছে। এরপর আর ফোনে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার (১ আগস্ট) সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে ঐ ট্রলারটি।

নিখোঁজ জেলেরা হলেন- এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক আল আমিন, জেলে সরোয়ার মিয়া, আলতাফ হোসেন, হানিফা, মোসলেম, রাকিব মিয়া, আ. হাকিম, আব্বাস, মোক্তার মোল্লা, জাকির হোসেন, সাহেব আলী, কামাল বিশ্বাস। সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, স্বজনরা এ রকমের খবর আমাদের কাছে জানিয়েছেন। আমরা খোঁজখবর নিচ্ছি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল বলেন, আমরা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির প্রতিনিধিসহ পরিবারের সঙ্গে কথা বলে অনুসন্ধান শুরু করবো‌।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!