মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে একটি মাছের ঘের নিয়ে বিরোধের জেরে ঐ ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এ ঘটনায় ফাঁড়ি পুলিশ এসআই শামীম আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দিনগত রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাথুরিয়া গ্রামে আ. সোবাহান হাওলাদার মৎস ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে।
ঘের ব্যবসায়ী আ. সোবাহান হাওলাদার বলেন, ২০২১-২০২৫ সাল পর্যন্ত জমির মালিক সুশান্ত মজুমদারসহ ৯ জনের কাছ থেকে ৪ বছরের টাকা দিয়ে ৭ বিঘার একটি মৎস্য ঘের করে আসছি। আমার ঘেরের মধ্যে ইব্রাহিম হাওলাদারের ১০ কাটা জমি আছে।
আমার ঘেরের উপর ইব্রাহিম হাওলাদারের কু-নজর পড়েছে। ঘের কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়, এমন কি একাধিক মিথ্যা মামলা দিয়েও আমাকে হয়রানি করেছেন তিনি। আমার ঘের তিনি দখল করতে চান। আমাকে ঘের থেকে উৎখাত করার উদ্দ্যেশেই আমার ঘেরে তিনি বিষ দিয়ে ক্ষতি করেছেন। আমি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরো বলেন, রোববার সকালে ঘেরে গিয়ে দেখতে পাই- ঘেরে গলদা, বাগদা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।
এ বিষয়ে মো. ইব্রাহিম হাওলাদার বলেন, ঘেরটি নিয়ে আমার সঙ্গে সোবহানের একটি ঝামেলা ছিল। স্থানীয়ভাবে ফয়সালা হয়েছে। দু’দিন পরে দেখি মাছ মরে গেছে। আমি এই কাজ করিনি।
নিকটস্থ ফাঁড়ির এসআই শামীম আক্তার বলেন, পাথুরিয়া গ্রামে একটি মৎস ঘেরে মাছ মরে ভেসে উঠছে- এমন খবর পেয়ে ঘটনাস্থরে আসি। এসে দেখি মাছ মরে ভেসে উঠছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।