রংপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সকালে উপজেলার চৌপথি মোড়ে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায়। এছাড়া আহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পঞ্চায়েত পাড়া গ্রামের সাহানতুল্লার ছেলে ট্রলিচালক মিল্লাত হোসেন এবং পথচারী বারাপুর গ্রামের মজিবর রহমান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম। তিনি জানান, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রলি চৌপথি মোড়ে পৌঁছালে তারাগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী, ট্রলিচালক এবং এক পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
.png)