গোপালগঞ্জে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় প্রাণ গেল কৃষকের
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমিতে কৃষাণ দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠি পেটায় মোহসিন শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহসিন শেখ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মোতালেব শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, গত ১৮ জানুয়ারি বিকেলে মোচনা গ্রামে জমিতে কৃষাণ দেওয়া নিয়ে মোহসিন শেখ ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার চোকদার ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়। পরদিন শুক্রবার বিকেলে মোচনা হাটে যাওয়ার সময় দেলোয়ার চোকদারসহ ১০ থেকে ১১ জন মোহসিন শেখসহ তার সঙ্গে থাকা চারজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয়।
.png)
খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
তিনি আরো জানান, এ ব্যাপারে পরিবার থেকে মুকসুদপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।