কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই শতাধিক ফেরিওয়ালা প্রতিদিন বের হচ্ছেন বিভিন্ন জাতের প্লাস্টিক ও কসমেটিকস সামগ্রী নিয়ে। তাদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
জীবিকার তাগিদে এদের বেশির ভাগই ৪-৫ বছর যাবৎ উপজেলার বিভিন্ন এলাকা সাইকেলে ঘুরে ঘুরে পণ্য সামগ্রী বিক্রি করে। মাথার চুল, নষ্ট মোবাইল ও নগদ অর্থের বিনিময়ে তারা এসব বিক্রি করেন। দিনশেষে তাদের প্রতি জনের আয় ৫০০-১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এতে মাস শেষে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন।
.png)
সরেজমিনে পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠ সংগ্রহ এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ৪০টি সাইকেলে মালামাল নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফেরিওয়ালারা।
জহির ইসলাম নামে এক ফেরিওয়ালা জানান, প্রায় দুই শতাধিক লোক প্রতিদিন হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিক পণ্য সামগ্রী বিক্রি করেন। প্রতিদিন সকালে বের হন তারা। সারাদিন বেচাকেনা করে সন্ধ্যায় আবার ফিরে আসেন।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন জানান, অনেকদিন ধরেই তারা এ এলাকায় থেকে বিভিন্ন এলাকা ঘুরে ব্যবসা করছেন৷ নিজেরাই রান্না করে খায়। মানুষ সহজেই দৈনন্দিন ব্যবহারের সামগ্রীগুলো তাদের কাছ থেকে কিনতে পারছে।