ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মিয়ানমারের ছোড়া গুলি বসতঘরে

বিকট শব্দে ঘুম ভাঙছে সীমান্তের মানুষের

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১৪:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৪
বিকট শব্দে ঘুম ভাঙছে সীমান্তের মানুষের
ছবি: ডেইলি বাংলাদেশ

মিয়ানমার থেকে আবারো ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে। এতে গুলি-মর্টারশেলের আওয়াজে ঘুম ভেঙেছে সীমান্তে বসবাসকারীদের। শনিবার ভোরে হোয়াইক্যং, লম্বাবিল ও মাঝের পাড়া সীমান্তের মসজিদের পাশের হাজী আবছারের মুদির দোকান ও ধলুমিয়ার বসতঘরে গুলি এসে পড়েছে। 

জানা যায়, মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরে গত কয়েকদিন ধরে বিদ্রোহী আরকান আর্মি ও সেনাবাহিনীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। শনিবার ভোরে মিয়ানমারের কুমির খালী সীমান্ত ফাঁড়িতে ভোর থেকে গোলাগুলি চলছে। মিয়ানমারের মর্টারশেল ও মুহুর্মুহু গুলিতে প্রকম্পিত হচ্ছে এপার। মিয়ানমারে লড়াইয়ের গুলি-মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। থেমে থেমে চলমান এ ঘটনায় উদ্বিগ্ন ও উৎকণ্ঠা রয়েছে সীমান্তবাসী।

এদিকে মিয়ানমারের বিলাইচাড় দ্বীপে গোলাগুলি ও ফায়ারিংয়ে ঘণ্টা খানেক শব্দ হয়। সেইখানে বিদ্রোহী গ্রুপের সঙ্গে নবী হোছন গ্রুপের গোলাগুলি হয়। নবী হোছন গ্রুপ বাংলাদেশের সীমানা ঘেঁষে আশ্রয় নেয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হোয়াইক্যং মাঝের পাড়ার বাসিন্দা হাজী মোহাম্মদ আবছার বলেন, ভোর ৫টার দিকে শুরু হয় গোলাগুলি। প্রায় ঘণ্টা দেড়েক চলে গোলাগুলি। ফজর নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলাম হঠাৎ করেই পর পর দুইটা গুলি এসে পড়ে বসতঘরে। গুলি সামান্য পাশ দিয়েই চলে গিয়ে দেওয়ালে ঠেকে। এতে অল্পের জন্য প্রাণে  রক্ষা পাই।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, আমরা সীমান্তের কাছে বসবাস করি। সব সময় ভয়ে আছি। গোলাগুলি শব্দ ও ভয়ে এলাকার মানুষ সীমান্তের কাছে কাজ কর্ম করতে যেতে পারছেন না। ভোর থেকে হোয়াইক্যং পয়েন্টের মিয়ানমারের ওপারে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। ওপারে চলা গুলি থেকে ৪টি গুলি এপারে হোয়াইক্যং উত্তর পাড়া হোছন আলীর মুদির দোকান, আরো একটি গুলি পড়ে হাইওয়ে রোডের পাশে হোয়াইক্যং মাঝের পাড়া আবসারের বাড়িতে, উত্তর পাড়া মানিকের বাড়ি ও ধলুমিয়ার বাড়িতে। 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, গত বৃহস্পতিবার থেকে হোয়াইক্যং সীমান্তের ওপারে হামলা জোরদার হয়। এর রেশ এসে পড়ছে বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরের সংঘর্ষের গোলাবারুদ সীমান্তের এপারে এসে পড়ে প্রকম্পিত হচ্ছে লোকালয়।

তিনি আরো বলেন, ওপারের গোলাগুলি ও ভারী বিস্ফোরণে খুব আতঙ্কে আছে এলাকার লোকজন। কেউ কেউ সীমান্ত এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার আবু বলেন, গোলাগুলির শব্দ হয়েছে। এবং কয়েকটি বুলেট এপারে এসেছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!