শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এর আগে, গত সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জেলার মদন উপজেলার বাররী এলাকায় পাকা রাস্তার ওপর বরের গাড়ি আটকে এ ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া এদিন রাত ১১টার দিকে ডাকাতরা কেন্দুয়া উপজেলার পাচহার এলাকায় মোটরসাইকেলে থামিয়ে দুই আরোহীর কাছ থেকে ৩৩ হাজার টাকা লুট করে।
.png)
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামের জাকির হোসেন (২৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মো. আরিফ হোসেন (২৯), একই জেলার চুনারুঘাট উপজেলার ভরমপুর গ্রামের মো. শাহীন আলম (৩৫) ও নেত্রকোণার আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের মো. বাবুন মিয়া (২৪)।
পুলিশ সুপার জানান, মদন উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার বর মো. মোবাশ্বের হোসেন কনে আনতে লোকজন নিয়ে গত সোমবার রাতে মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ি পাবনার উদ্দেশ্যে রওনা হন। তাদের দুটি মাইক্রোবাসের প্রথমটি বাড়ি থেকে রওনা হয়ে রাত ৩টার দিকে উপজেলার বাররী এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। ওই চার ডাকাত সেতুর উভয় পাশের পিলারে সঙ্গে মাছ ধরার জাল বেঁধে রাখে এবং রাস্তার মাঝে একটি হ্যান্ডট্রলি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। মাইক্রোবাসটির গতিরোধ করে ডাকাতেরা লাঠি ও দা দিয়ে আঘাত করে মাইক্রোবাসের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে। পরে মাইক্রোবাসের বাম পাশের দরজা খুলে অস্ত্রের মুখে বর ও তার সঙ্গীদের জিম্মি করে তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন, ৭ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, ওই ডাকাতেরা একদিন রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলার পাচহার এলাকায় মোটরসাইকেলে থামিয়ে দুই আরোহীর কাছ থেকে ৩৩ হাজার টাকা ও অপর এক মোটরসাইকেল থামিয়ে আরো ৮০০ টাকা লুট করে।
ঘটনা জানালে মদন থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযান চালিয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, শনির আখড়া ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পেয়ে মদন থানা-পুলিশ ও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে অভিযানে নামে। ঘটনার পরদিন রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত এবং গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।